প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:১১ পিএম

অর্থনীতিতে সরকার বা রাজনৈতিক দলের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির যাত্রা শুরুর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, কিছুটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। তবে খুব দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে। অর্থনীতির সেক্টরে রাজনৈতিক হস্তক্ষেপ প্রশমিত করার সিদ্ধান্ত দলের বলেও জানান তিনি। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি জানান, ৩০ জুনের পর বাংলা কিউআর কোড ছাড়া পেমেন্ট করা যাবে না।
গভর্নর আশাপ্রকাশ করেন- নতুন প্রজন্মের অর্থায়নে সফল হবে স্ট্যার্টআপ কোম্পানি। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে, এমন প্রকল্প বাছাইয়ের আহ্বান জানান তিনি।
কোম্পানির চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, অর্থায়নের ব্যবস্থা না থাকায় প্রতিবছর প্রচুর মেধা পাচার হয়ে যাচ্ছে। উদ্যোক্তারা যাতে দেশে বসেই কিছু করতে পারে, সেই চেষ্টা করবে এই কোম্পানি। গুরুত্ব দেওয়া হবে, প্রযুক্তি নির্ভর এসএমই অর্থায়নে।
উনচল্লিশটি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনায় যাত্রা শুরু করা ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মটির প্রতিশ্রুত মূলধন ৪২৫ কোটি টাকা। এতে অংশীদার ব্যাংকগুলো প্রতি বছর তাদের নিট মুনাফার এক শতাংশ এই তহবিলে প্রদান করবে।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে দেশের স্টার্টআপ খাতে সাড়ে চারশ টিরও বেশি বিনিয়োগ চুক্তির মাধ্যমে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন এসেছে। এর মধ্যে দেশীয় উৎসের যোগান শতকরা ৭ ভাগেরও কম।
জ/উ