প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:১২ এএম

ভবিষ্যতে আরও নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচন সংস্কার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার মূল্যায়ন ও সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন ভিন্ন আইনি কাঠামোর আওতায় অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট আইনগুলো পর্যালোচনা ও প্রয়োজনীয় সংস্কারের কাজ চলছে। পাশাপাশি নির্বাচন-পরবর্তী মূল্যায়নও সম্পন্ন করেছে কমিশন।
সংলাপে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখতে চায় ইইউ। বিশেষ করে নারী, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ আরও বাড়াতে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
জ/উ