প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার আড়াইবাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (১০ মে) বিকেলের দিকে কসবা থানা পুলিশের একটি বিশেষ দল পৌরসভার আড়াইবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশার গতিবিধি নজরে আসে। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হলে ভেতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঘটনাস্থল থেকেই আল আমিন নামে এক যুবককে আটক করা হয়। তিনি কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকাগুলোকে কেন্দ্র করে মাদক পাচার ও বেচাকেনা ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানান তারা।
জ/উ