কমলগঞ্জে শুরু হলো বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:০৭ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম প্রাঙ্গণে উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করা হয়।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমি দেব, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন ও সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম। এছাড়া ভানুগাছ ও শমশেরনগর খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ভানুগাছ ও শমশেরনগর খাদ্য গুদামের মাধ্যমে নির্ধারিত মূল্যে ধান ও চাল সংগ্রহ করা হবে। এর আওতায় ৩৬ টাকা কেজি দরে ৪৯১ টন বোরো ধান এবং ৪৯ টাকা কেজি দরে ২৩৫ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, এই সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় নিশ্চিত করা হবে, যাতে তারা ন্যায্যমূল্য পান। তিনি আরও বলেন, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও সহজ রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে, ধান বিক্রি করতে আসা কৃষকেরা সরকারি এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, বাজারদরের তুলনায় সরকারি মূল্য কিছুটা বেশি হওয়ায় তারা উপকৃত হচ্ছেন। তবে তারা সংগ্রহ প্রক্রিয়া আরও সহজ ও হয়রানিমুক্ত করার দাবি জানান।

সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান ও চাল সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে কৃষকের স্বার্থ সুরক্ষিত হবে এবং সরকারের খাদ্য মজুত ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft