প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১:৩১ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চোরাই পথে পাচারের সময় ১২০০ লিটার ডিজেল জব্দ ও ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অর্থদন্ডপ্রাপ্ত শাহজালাল সবুজ (৪২) শাহজাদপুর উপজেলার নোকালী গ্রামের মৃত শাহজাহান সিরাজের ছেলে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, একটি মিনি ট্রাকে ডিজেল বোঝাই করে শাহজাদপুর থেকে নাটোরে পাচার করা হচ্ছিল। ঘটনাস্থলে পৌছলে পুলিশের সহায়তায় ড্রাম ভর্তি ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
এসময় তারা ডিজেল ক্রয় ও পরিবহনের কোন কাগজপত্র দেখাতে পারেনি। এরপর ভ্রাম্যমান আদালতে ডিজেলের মালিক শাহ জালাল সবুজকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের অর্থদন্ড দেওয়া হয়।
ইউএনও আরো বলেন, শাহ জালাল সবুজ তাৎক্ষনিক অর্থদন্ড প্রদান করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত ডিজেল স্থানীয় তেল পাম্পে বিক্রির পর প্রাপ্ত টাকা সরকারী কোষাগারে জমার দেওয়ার সিদ্বান্ত নেওয়া হয়েছে।
জ/দি