বাগাতিপাড়ায় ফাঁস দিয়ে প্রতিবন্ধী স্কুলছাত্রীর আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৫:০৩ পিএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সাদিয়া আফরিন মদিনা (১৪) নামে এক মানসিক প্রতিবন্ধী স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের ছোট পাঁকা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ওই এলাকার দিনমজুর গোলাম মুর্শিদ ও জেসমিন বেগম দম্পতির বড় মেয়ে। সে স্থানীয় পাঁকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধিতায় ভুগছিল। তার একটি প্রতিবন্ধী ভাতা কার্ডও ছিল। পরিবার জানায়, মাঝেমধ্যে সে হঠাৎ রেগে যেত এবং আচরণে অস্বাভাবিকতা দেখা দিত।
ঘটনার দিন সকালে সাদিয়ার বাবা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে যান এবং মা ছাগল নিয়ে মাঠে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় সাদিয়া নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।
পরে তার সাত বছরের ছোট বোন জান্নাতুল তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
জ/দি