মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১২:৫০ পিএম

মালয়েশিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দিয়েছে প্রবাসী বাংলাদেশি ও বিএনপির কর্মীরা। একইসঙ্গে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং হাইকমিশনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে প্রত্যাহারসহ ৮ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে দূতালয় প্রধানের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। মালয়েশিয়া বিএনপির কর্মীদের পক্ষ থেকে নাসির উদ্দিন নাসির ও মোহাম্মদ মিনহাজ মন্ডলের তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

স্মারকলিপি প্রদানকালে নেতারা বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যু নিয়ে এখনো জনমনে নানা প্রশ্ন ও সন্দেহ রয়ে গেছে। এ রহস্য উদঘাটনে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান তারা।

আরও পড়ুন : নিউজিল্যান্ডে হাইকমিশনের প্রথম দিনের কনস্যুলার সেবা অনুষ্ঠিত

উত্থাপিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে- কোকোর মৃত্যুর সুষ্ঠু তদন্ত, সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা, বাংলাদেশ হাইকমিশনের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রবাসীদের সেবা ও নিরাপত্তা জোরদার করা।

এছাড়া, হাইকমিশনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাদের প্রত্যাহার ও শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমবাজারকে সিন্ডিকেট ও দালালমুক্ত করা, দুর্নীতির সঙ্গে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী ও মানব পাচার প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, মালয়েশিয়ায় আটক প্রবাসী বাংলাদেশিদের মানবিক বিবেচনায় দেশে ফেরত পাঠানো এবং মালয়েশিয়ান সরকারের সঙ্গে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে অবৈধ বাংলাদেশিদের বৈধতার সুযোগ সৃষ্টি করতে হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft