ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার
প্রবাস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:২৮ এএম আপডেট: ১৪.০৫.২০২৬ ১:০৪ পিএম

ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি প্রবাসী চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। ধারণা করা হচ্ছে, গাড়ির এসি বিস্ফোরণ বা গ্যাস লিকেজজনিত বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ওমানে বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে চার ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন- রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। দেশে থাকা এক ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তার বিয়ের কেনাকাটা করতেই ওমানে চার ভাই একসঙ্গে বের হয়েছিলেন।

আরও পড়ুন : লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত

জানা গেছে, মঙ্গলবার রাতে ওমানের মুলাদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকাল ৮টার দিকে ওমানের স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গাড়ি থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

নিহত চার ভাইয়ের দেশে থাকা একমাত্র জীবিত ভাই এনাম শোকার্ত কণ্ঠে গণমাধ্যমে জানান, সিরাজ ও শহিদ দেশে এসে বিয়ে করবে বলে কথা ছিল। বুধবার রাতেই তাদের ফ্লাইট ছিল। সেই খুশিতে কেনাকাটা করতে গিয়ে তারা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কল্পনাও করিনি।

এদিকে, রাঙ্গুনিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, রাঙ্গুনিয়ার ওমান প্রবাসী চারভাইয়ের মৃত্যু খবর আমরা জেনেছি। আমার একটি টিমকে নিহতদের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft