প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:২০ পিএম

নিউজিল্যান্ডের অকল্যান্ডে আয়োজিত কনস্যুলার সেবার প্রথম দিন সফলভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে আড়াইশটিরও বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হয়। গতকাল রবিবার (২৯ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হওয়া এই ক্যাম্প রাত ১০টা পর্যন্ত চলে। পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টধারীদের পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আগত অনেক কমিউনিটি সদস্যও সেবা গ্রহণের সুযোগ পান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কিছু অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সার্বিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হয়েছে। বিশেষ করে, ভারী কুয়াশার কারণে সাউথ আইল্যান্ড ও ওয়েলিংটন থেকে আগতদের কিছু ফ্লাইট বাতিল হওয়া এবং একটি মেশিনে প্রায় দুই ঘণ্টার প্রযুক্তিগত সমস্যার পরও সেবা কার্যক্রম বন্ধ হয়নি।
দিনশেষে সকল আবেদনকারী তাদের প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে সক্ষম হয়েছেন, যা আয়োজকদের জন্য সন্তোষজনক বলে জানানো হয়।
ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতার জন্য বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা এবং বাংলাদেশ হাইকমিশন, ওয়েলিংটন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন নিউজিল্যান্ড ইনকরপোরেটেড (বানজি)।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিশ্রুতি, নমনীয়তা এবং নির্ধারিত সময়ের অতিরিক্ত সেবা প্রদান কমিউনিটির প্রতি তাদের দায়বদ্ধতার প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়।
এছাড়া বানজি এক্সিকিউটিভ কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রম, সমন্বয় ও পেশাদারিত্বের জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয়। দীর্ঘ সময় অপেক্ষার পরও কমিউনিটি সদস্যদের ধৈর্য ও সহযোগিতার প্রশংসা করেন আয়োজকরা।
প্রথম দিনের সারসংক্ষেপ অনুযায়ী, ই-পাসপোর্ট আবেদন গ্রহণ করা হয়েছে ১৭৩টি এবং এনভিআর (NVR) সেবা প্রদান করা হয়েছে ৮১টি। আয়োজকদের প্রত্যাশা, আগামী দুই দিনও একইভাবে সফলতার সঙ্গে সেবা কার্যক্রম পরিচালিত হবে।
জ/উ