কাপাসিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৮:৩৪ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেটকারসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্লাস্টিকের খেলনা পিস্তল, শর্টগান, চাপাতি এবং মাস্টার চাবিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার রাত ২টার দিকে কাপাসিয়া থানার এএসআই নজরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাপলা সাকিনস্থ চেরাগআলী মোড়ে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে শলা-পরামর্শ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী ডিউটিরত এসআই মোঃ মিলন মিয়া ও তার ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি ধূসর রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-৬৪০২)সহ চারজনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- ১. মোঃ সাগর (২৪), জেলা- শেরপুর (বর্তমান বাসা: মধ্য ছায়াবিথী, গাজীপুর সদর)। ২. মশিউর রহমান জুয়েল (৩৫), জেলা- টাঙ্গাইল (বর্তমান বাসা: উত্তর ছায়াবিথী, গাজীপুর সদর)। ৩. নওয়াব আলী (৬০), জেলা- গাজীপুর (বরুদা এলাকা)। ৪. সাব্বির (১৫), জেলা- ময়মনসিংহ (বর্তমান বাসা: বরুলিয়া, গাজীপুর সদর)। 

এসময় আটককৃতদের কাছ থেকে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য ব্যবহৃত একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, একটি খেলনা শর্টগান, একটি চাপাতি, একটি ব্ল্যাক এক্সারসাইজ স্টিক, একটি মাস্টার চাবি, ৫টি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অত্যন্ত সাহসিকতার সাথে অভিযান চালিয়ে ডাকাত চক্রের এই সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, কাপাসিয়া এলাকায় বড় ধরনের ডাকাতি করার উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft