বাকেরগঞ্জ কলসকাঠী ইউনিয়নে পান্ডব নদীর ভাঙ্গন রোধে মানববন্ধন
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:২৮ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে পান্ডব নদীর ভয়াবহ ভাঙন রোধে  মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। ২৬ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় কলসকাঠী ইউনিয়নের দক্ষিন সাদিস গ্রামে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পান্ডব নদীর অব্যাহত ভাঙনে কলসকাঠী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে বহু বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট, পারিবারিক কবরস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙনের কারণে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দক্ষিণ সাদিস গ্রাম পুরো নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর বর্ষা মৌসুম এলেই পান্ডব নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করে। কিন্তু স্থায়ীভাবে ভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দিন দিন নদীর তীরবর্তী জনপদ বিলীন হয়ে যাচ্ছে।

দক্ষিণ সাদিস গ্রামের স্থানীয় বাসিন্দা আবু সালে জানান, যুগের পর যুগ ধরে পান্ডব নদীর ভাঙ্গনে আমিনপুর গ্রাম কলসকাঠীর মানচিত্র থেকে হারিয়ে গেছে। শত শত মানুষ হারিয়েছেন তাদের মাথা গোজার ঠাই। একটি গ্রাম নদীতে হারিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত নদী ভাঙ্গন রোদে কোন উদ্যোগ গ্রহণ করেনি। এভাবে ভাঙতে থাকলে দ্রুত সময়ের মধ্যে দক্ষিন সাদিস গ্রাম পান্ডব নদীতে হারিয়ে যাবে। 

এদিকে পান্ডব নদীর অব্যাহত ভাঙনে এলাকার মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও বহু ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় তারা পান্ডব নদীর ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে নদীভাঙন থেকে এলাকাবাসীকে রক্ষা করবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft