প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৫:৩৯ পিএম

ঈদের ছুটিতেও রাজধানীর গুলশানের বাসভবন থেকে রাষ্ট্রীয় জরুরি কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশের বিভিন্ন সিটি করপোরেশনের কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নিচ্ছেন তিনি।
আজ বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী গুলশান অ্যাভিনিউয়ের বাসায় অবস্থান করে নিয়মিত সরকারি দায়িত্ব পালন করছেন। খোঁজখবর নিয়েছেন কোথায় কী হচ্ছে।
আতিকুর রহমান রুমন বলেন, সারাদেশে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি, কাজের গতি ও তদারকি পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, সিটি করপোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা ও তাগিদ দিচ্ছেন প্রধানমন্ত্রী। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন।
তিনি বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন। এদিন তিনি ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেন।