জনগণের ঐক্য নষ্টের অপচেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান রিজভীর
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:১৮ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের সমর্থনের ধারাবাহিকতায় দায়িত্ব পালন করছে। এ অবস্থায় সরকার ও গণতান্ত্রিক পরিবেশকে ঘিরে যেকোনো ধরনের ষড়যন্ত্র বা বিভ্রান্তিমূলক অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত রাখতে সরকার কাজ করছে। এ কারণে যেকোনো অপপ্রচার বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীসহ সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকতে হবে। রথযাত্রা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা আগের মতোই সহযোগিতা করবেন বলেও জানান তিনি। তিনি বলেন, কোনো পক্ষ যেন উসকানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রিজভী বলেন, অতীতের বিভিন্ন ধর্মীয় উৎসবেও বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করেছেন। এবারও রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে, যাতে উৎসবকে ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়। দেশের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। জনগণের এই ঐক্য ও পারস্পরিক সহাবস্থান অক্ষুণ্ন রাখতে সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তির সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে রিজভী বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি নদী পুনরুদ্ধারে খাল খননের মতো উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেন, কার্যকর বাস্তবায়ন ও সঠিক তদারকি নিশ্চিত হলে সরকারের উন্নয়নমূলক উদ্যোগ আরও সফল হবে। এ সময় স্কুল ফিডিং কর্মসূচিতে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনার যথাযথ তদন্ত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল ইসলাম, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft