প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:৩৫ পিএম

চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকা তিন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৯ জুলাই) জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন- র্যাব-১৪ (ময়মনসিংহ)-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ৫৭ জন কর্মকর্তার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে তিনজনের চাকরিচ্যুতির প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি হয়েছে। পর্যায়ক্রমে বাকি কর্মকর্তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জ/উ