প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:৪৯ পিএম

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশের আন্তর্জাতিক আকাশপথে বিপর্যয় অব্যাহত রয়েছে। নিরাপত্তা ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশপথ বন্ধ থাকায় আজ শুক্রবার (১৩ মার্চ) ঢাকা থেকে আরও ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার প্রবাসী ও বিদেশগামী যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। যুদ্ধের কারণে সৃষ্ট এই নিরাপত্তা সংকটের সরাসরি প্রভাব পড়ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর।
আজ বাতিল হওয়া ২৪টি ফ্লাইটের মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ): ২টি এবং গালফ এয়ারের (বাহরাইন) ২টি ফ্লাইট রয়েছে।
পরিসংখ্যানে দেখা গেছে, গতকাল ১২ মার্চ ২৮টি ফ্লাইট স্থগিত করা হয়েছিল। আজ আরও ২৪টি যুক্ত হওয়ায় গত ১৫ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া মোট ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৭টিতে।
বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইট বাতিল হওয়ায় বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী রেমিট্যান্স যোদ্ধারা বিপাকে পড়েছেন। অনেক যাত্রী বিমানবন্দরে এসে ফ্লাইট বাতিলের খবর শুনে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে ধারণা করা হচ্ছে।
বেবিচক কর্মকর্তারা জানিয়েছেন, তারা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট দেশগুলোর আকাশসীমা পুনরায় চালু হওয়া মাত্রই ফ্লাইট শিডিউল স্বাভাবিক করার চেষ্টা করা হবে।