মাঠেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে ভাইরাল ফুটবলার, তিন দিন পরই বিচ্ছেদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম

মাঠেই হাঁটু গেড়ে প্রেমিকার হাতে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব। দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল মুহূর্তেই। কিন্তু সেই রোমান্টিক মুহূর্তের মাত্র তিন দিন পরই সম্পর্ক ভেঙে চুরমার। ঘটনাটি ঘটেছে গুয়াতেমালায়। দেশটির শীর্ষ ক্লাব জেলাজুর ফুটবলার ডেরিকসন কুইরোস গত সপ্তাহে ৪–২ গোলে মার্কুইনসেকে হারানোর পর মাঠেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। মারিও কাম্পোসেকো স্টেডিয়ামে দর্শকদের সামনে হাঁটু গেড়ে বসে আংটি পরিয়ে দেন তিনি। প্রেমিকা ‘হ্যাঁ’ বলতেই গ্যালারিতে উপস্থিত শত শত সমর্থক করতালিতে অভিনন্দন জানান নবদম্পতিকে।

সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে কুইরোস লিখেছিলেন, “আমার জীবনসঙ্গী, আমি তোমাকে খুব ভালোবাসি।” তবে রোমান্টিক দৃশ্যের তিন দিনের মাথায় ইনস্টাগ্রাম স্টোরিতে কুইরোস জানান, তাদের বাগদান ভেঙে গেছে। মেক্সিকান সংবাদমাধ্যম ‘লাতিনুস’-এর উদ্ধৃতি অনুযায়ী তিনি লেখেন, “হ্যাঁ, এটা সত্য যে আমার সম্পর্ক (বাগদান) শেষ হয়েছে। যেকোনো বিচ্ছেদের মতোই এটি একটি কঠিন ব্যক্তিগত পরিস্থিতি, তবে আমি বিষয়টি সম্মান ও পরিপক্বতার সঙ্গে সামলাতে চাই।”

আরও পড়ুন : শৃঙ্খলাভঙ্গে পাকিস্তান নারী ক্রিকেটারকে জরিমানা করলো আইসিসি

তিনি আরও বলেন, “আমি কারও বিরুদ্ধে কিছু বলব না, কিংবা বিস্তারিতেও যাব না। কারণ এই সম্পর্ক একসময় আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল।” কুইরোস যোগ করেন, “এখন আমি আমার ক্যারিয়ার, আমার দল এবং ব্যক্তি হিসেবে আরও এগিয়ে যাওয়ার দিকে মনোযোগ দিচ্ছি। সবার সমর্থনের জন্য কৃতজ্ঞ, এবং আশা করি এই সময়টাকে সবাই সম্মান করবেন।”

শুধু কুইরোসই নন, তার সাবেক বাগদত্তাও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’র তথ্য অনুযায়ী তিনি লেখেন, “শেষ পর্যন্ত নীরবতাই সবচেয়ে ভালো উত্তর।” মাঠে শুরু হওয়া ভালোবাসার গল্প শেষ হয়েছে সামাজিক মাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত ঘোষণায়।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft