প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৮ এএম

বর্তমান সরকার চলমান উন্নয়ন প্রকল্পগুলো বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করবে। তবে উন্নয়ন কার্যক্রম স্থবির বা গতিহীন করা সরকারের লক্ষ্য নয়। গতি বজায় রেখেই প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে এগিয়ে যাওয়াই সরকারের অবস্থান বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। গতকাল রবিবার প্রথমবারের মতো পরিকল্পনা মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এগিয়ে থাকব, কোথাও থামব না। চলমান প্রকল্পগুলো রিভিউ হবে, কিন্তু উন্নয়নের গতি বন্ধ হবে না। নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আগামী দিনে যে প্রকল্পগুলো নেওয়া হবে, সেখানে বিবেচনার বিষয় হবে কিভাবে সমষ্টিগতভাবে উন্নতি করা যায়। মানুষ কিভাবে শিক্ষা, দক্ষতা ও মানবিকতা অর্জন করতে পারে—এই জায়গা থেকেই উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে।’
প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের স্বার্থ ও গুরুত্বকে সর্বাগ্রে রাখা হবে। সরকারের মূল লক্ষ্য হবে মানুষের জীবনের গুণগত পরিবর্তন এবং দেশের শাসনব্যবস্থায় ইতিবাচক রূপান্তর আনা। অর্থনীতি, সমাজ, সংস্কৃতিসহ সব ক্ষেত্রে যেন পরিবর্তনের প্রভাব পড়ে, সে লক্ষ্য সামনে রেখেই পরিকল্পনা প্রণয়ন করা হবে বলে জানান তিনি।
পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে সাকি বলেন, ‘সঠিক পরিকল্পনা থাকলে বাস্তবায়ন সহজ হয়। এ দৃষ্টিকোণ থেকে পরিকল্পনা মন্ত্রণালয় বর্তমান সরকারের ভিত্তি হিসেবে কাজ করবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজের মধ্য দিয়েই বাংলাদেশ বদলের সুযোগ তৈরি করতে চাই।’
বৈষম্যহীনতার প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘ন্যায্য বণ্টন নিশ্চিত করাই হবে অন্যতম অগ্রাধিকার। দেশের অধিকাংশ সম্পদ যাঁরা সৃষ্টি করেন, খেটে খাওয়া মানুষ, তাঁদের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। ন্যায্য অংশ যত বেশি নিশ্চিত করা যাবে, সামষ্টিক অর্থনীতির বিকাশ ততই শক্তিশালী হবে।’
জ/উ