বাগাতিপাড়ায় মাদকাসক্ত যুবকের বাড়ি থেকে চুরির মালামাল উদ্ধার
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৩ পিএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক মাদকাসক্ত যুবকের বাড়ি থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার জামনগর ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পালপাড়া গ্রামের পঞ্চপাল ও দিলীপ পালের বাড়িতে গভীর রাতে চুরির ঘটনা ঘটে। চোরেরা প্রাচীর টপকে ঘরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের বাইরে থেকে আটকে রেখে দোকানঘরে ঢুকে নগদ টাকা, কসমেটিকস সামগ্রী, সিগারেটসহ পিতলের তৈজসপত্র চুরি করে নিয়ে যায়।

পঞ্চপালের নাতি কার্তিক পাল জানান, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। সকালে উঠে দোকান ও ঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে চুরি হওয়া মালামাল খোঁজাখুঁজির একপর্যায়ে ঘটনার দিন সন্ধ্যায় সন্দেহভাজন আতিকের বাড়িতে তল্লাশি চালানো হয়।

তিনি আরও জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযুক্ত আতিকুর রহমান আতিকের বাড়ি থেকে চুরি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে।

অভিযুক্ত আতিকুর রহমান আতিক (২২) জামনগর ইউনিয়নের পালপাড়া গ্রামের আইয়ুব কসাইয়ের নাতি। বর্তমানে তিনি একই ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় বসবাস করেন। সেখান থেকেই চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের উৎপাত বেড়ে যাওয়ায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলমের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft