ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক হাজার বছরের পুরনো
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৬ এএম

ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক হাজার বছরের পুরনো। এটি হৃদয়ের সম্পর্ক, দিন দিন এ সম্পর্ক আরও গভীরতর হচ্ছে। আর ইসলাম এ সম্পর্কের সেতুবন্ধন। ইরানের ইসলামী বিপ্লবের পর এটি আরো বৃদ্ধি পেয়েছে। ইরানের ইসলামি বিপ্লবের ৪৭তম বিজয় বার্ষিকী উপলক্ষ্যে গতকাল রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এক আলোচনা সভায় প্অরধান অতিথির বক্তব্যে ঢাকাস্থ ইরান দূতাবাসের প্রথম কাউন্সেলর ইসরাফিল আমিরি এ কথা বলেন।

ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ‘ইরানের ইসলামি বিপ্লব: বর্তমান যুগে ইসলামের পুনর্জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আরো উপস্থিত ছিলেন ঢাকার মহাখালি দারুল উলুম হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ ও খুলনার ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীরমোহাম্মদী। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে দেশটি আধুনিকতার অন্ধ অনুসরণের পথ থেকে বেরিয়ে ইসলামি মূল্যবোধের দিকে ধাবিত হয়। সেই সময় থেকে ইরান শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং বৈশ্বিক দৃষ্টিকোণ থেকেও একটি শক্তিশালী প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। ইসলামি বিপ্লবের পর শিক্ষাক্ষেত্রে ইরান বিশেষভাবে গুরুত্ব দিয়েছে বিজ্ঞান, প্রযুক্তি এবং উচ্চশিক্ষার বিকাশে। স্বাস্থ্যখাতে দেশটি জনসাধারণের জন্য ব্যাপক স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করেছে, যা বিশেষ করে গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ইরান অত্যন্ত গুরত্বপূর্ণ অগ্রগতি করেছে। বিশেষ করে ন্যানো প্রযুক্তি, রোবটিক্স, মহাকাশ ও রণনীতির ক্ষেত্রে দেশটি উল্লেখযোগ্য অর্জন করেছে। ইরান নিজস্ব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে দক্ষতা অর্জন করেছে, যা তাকে সামরিক ও কৌশলগতভাবে শক্তিশালী করেছে। এভাবে দেশটি আন্তর্জাতিক চাপ সত্ত্বেও কোনোরকমভাবে আত্মসমর্পণ করে না এবং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করতে সক্ষম।

ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরান কেবল অভ্যন্তরীণভাবে নয়, বৈশ্বিক মুসলিম সমাজের মধ্যে এক প্রেরণার উৎস হয়ে উঠেছে। ইসলামি মূল্যবোধ ও রাজনৈতিক স্বতন্ত্রতার প্রতি বিশ্বব্যাপী মুসলিম সমাজের আস্থা ও ভরসা বৃদ্ধি পেয়েছে। ইরানের এই অবস্থান ও শক্তি আন্তর্জাতিক মঞ্চে মুসলিমদের জন্য একটি প্রতীক হিসেবে দাঁড়িয়েছে, যা দেখায় যে কোনো দেশের উপর চাপ ও নীতি প্রয়োগ করা গেলেও তারা নিজেদের স্বকীয়তা হারায় না।

এর আগে গত রবিবার রাতে ঢাকার একটি হোটেলে ৪৬ তম ইরানী বিপ্লব দিবস পালিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরান। ইরান দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক, ইসলামি চিন্তাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেন, প্রাচীন সভ্যতা ও জ্ঞান-বিজ্ঞানসমৃদ্ধ ইতিহাসের অধিকারী দেশ ইরান বরাবরই আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক ভূমিকা রেখে আসছে। জটিল নানা চ্যালেঞ্জের মুখেও আত্মবিশ্বাস, স্থিতিশীলতা ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে উন্নয়ন ও অগ্রগতির পথ ধরে এগিয়ে যাচ্ছে দেশটি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ইরান এমন একটি দেশ, যা হাজার বছরের সভ্যতার ধারক। বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য ও শিল্পে ইরানের অবদান অনন্য। ইরানের সংস্কৃতি এ অঞ্চলের মানুষের সঙ্গে শত শত বছর ধরে ভাগাভাগি হয়ে আসছে।

তিনি বলেন, ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ ও ইরান কূটনৈতিক সম্পর্ক উপভোগ করে আসছে। দুই দেশ বহুপক্ষীয় ফোরামে একযোগে কাজ করছে। আমরা আশা করি, আগামী দিনে ইরান শান্তি ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   ইরান   বাংলাদেশ     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft