ধর্ম ব্যবসায়ীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান ধানের শীষ প্রার্থীর
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৪ পিএম

বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী-১ আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে ইসলাম ও জাতিকে রক্ষা করতে হবে। একটি দল নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য জান্নাতের টিকিট বিক্রি করছে। বাস্তবে জান্নাতে নেওয়ার মালিক একমাত্র আল্লাহ তায়ালা। তাই তাদের ফাঁদে পা দেওয়া যাবে না।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর মাধবদীতে এসপি ইনস্টিটিউট স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম-মহাসচিব খোকন বলেন, একটি দল মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। সেখানে গিয়ে বলছে- আপনারা ধানের শীষ (বিএনপি), নাঙ্গল ও নৌকা (আওয়ামী লীগ) দেখেছেন, এবার আমাদের দেখেন এবং সুযোগ দেন। এই দলটি এভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। 

এসময় তিনি আরও বলেন, আপনাদের অপকর্ম তো ৭১ সালেই দেখা হয়ে গেছে। ৭১ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী চক্র এই দেশের মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে। তাদের জন্য ৩০ লাখ মানুষকে রক্ত দিতে হয়েছে।

আরও পড়ুন : কলস মার্কার বিজয়ের মধ্য দিয়ে সন্ত্রাসীদের পতন ঘটাতে হবে বলেন স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা তো মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন না। সেই সময় আপনারা বাংলাদেশকেই স্বীকার করেননি। এখনো পর্যন্ত আপনারা জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে যান না, জাতীয় সংগীত গাইতে চান না। তারা বাংলাদেশকে স্বীকার করে না, অথচ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের কাছে এই দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তারা যদি সুযোগ পায়, তাহলে দেশের বড় ধরনের ক্ষতি হবে।

খোকন বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করে গেছে। দেশের মানুষের কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাজ করে গেছেন। বিদেশে থেকেও তারেক রহমান দেশ ও দেশের মানুষের জন্য কাজ করছেন। তাই বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের কল্যাণ হবে, দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি ঘটবে। দেশের কল্যাণে আগামী ১২ তারিখ আপনারা মূল্যবান ভোট ধানের শীষের প্রার্থীকে দিয়ে দেশ গড়ার কাজে অংশ নেবেন।

আরও পড়ুন : ধানের শীষের বিজয়ের লক্ষ্যে গুরুদাসপুর পৌর শহরে চাঁচকৈড় বাজার বিএনপির প্রচার-প্রচারণা

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছে। তাই আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট তারেক রহমানের পক্ষে দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে এবং মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানের সঞ্চালনায় জনসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট শিরিন সুলতানা। 

এসময় তার সঙ্গে ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বিজি নওশের, হারুনুর রশিদ হারুন, নরসিংদী সদর উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ জেলা বিএনপি, মাধবদী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft