ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম

ওয়াশিংটন যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আরাঘচি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার কোনো পরিকল্পনা ইরানের নেই। তবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের প্রতিক্রিয়ার লক্ষ্যবস্তু হবে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারের অংশবিশেষ তিনি নিজের সরকারি টেলিগ্রাম চ্যানেলেও প্রকাশ করেছেন।

সাক্ষাৎকারে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পারমাণবিক সমৃদ্ধকরণ তেহরানের একটি অবিচ্ছেদ্য অধিকার। তবে এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘স্বস্তিজনক’ চুক্তিতে পৌঁছাতে ইরান প্রস্তুত।

আরও পড়ুন : ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প

আরাঘচি বলেন, ‘পারমাণবিক সমৃদ্ধকরণ আমাদের অখণ্ড অধিকার এবং এটি চালু থাকবে। বোমাবর্ষণ করেও আমাদের সক্ষমতা ধ্বংস করা যায়নি। আমরা সমৃদ্ধকরণ নিয়ে একটি স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত।’

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। তবে তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষই মনে করছে, আলোচনা শিগগিরই হওয়া উচিত। তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা হবে না বলে কড়া অবস্থান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষায়, ‘ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনাযোগ্য নয়। এটি আমাদের প্রতিরক্ষার বিষয়।’

এদিকে শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ‘খুবই ভালো’ হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft