প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১০:৩৯ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার সফিকুল রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। রোববার (২১ জুন) সকালে এ ঘটনা ঘটে। আটক যুবক সুমন কসবা উপজেলার বিষ্ণাউড়ির মধুপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে মাছের পোনা বহনকে কেন্দ্র করে স্টেশনে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় যুবক সুমন স্টেশন মাস্টার সফিকুল রহমানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তিনি অতর্কিত হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
এ সময় স্টেশন মাস্টারের কার্যালয়ের টেলিফোন, সিগন্যালিং যন্ত্রাংশসহ কিছু মূল্যবান সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। আহত স্টেশন মাস্টারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে পুলিশ কাজ করছে।
জ/উ