প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৩ এএম

প্রায় ১৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে আবারও চালু হয়েছে ফেরি চলাচল। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা দশটায় কুয়াশা কাটতে শুরু করলে, ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ঘনকুয়াশার কারণে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি জানায়, সন্ধ্যার পর থেকেই পদ্ম-যমুনা নদী ও নদী তীরবর্তী এলাকায় ঘনকুয়াশা পড়তে থাকে। একপর্যায়ে তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশায় তীরে ভিড়তে না পেরে আটকা পড়ে ৫টি ফেরি।
এদিকে, প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে শুরু হয়েছে ফেরি ও নৌযান চলাচল। শুক্রবার রাত দশটা থেকে এই রুটে ঘনকুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি জানায়, সন্ধ্যা থেকেই নদী অববাহিকায় ঘনকুয়াশা পড়তে থাকে। দশটা নাগাদ কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। সকালে কুয়াশার তীব্রতা কমে আসলে আবারও ফেরি চলাচল শুরু হয়।
জ/দি