প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৩:০০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগে ২ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। একইদিনে ভ্রাম্যমাণ আদালত একজন মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন এবং মাটি সরবরাহের কাজে ব্যবহৃত একটি ড্রামট্রাকও আটক করা হয়।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের রানীখার এলাকা ও মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর শান্তিপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষিজমি থেকে মাটি কাটা ও সরবরাহের অপরাধে মেহেদী হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি সরাইল উপজেলার হুমায়ুন মিয়ার ছেলে।
অপর অভিযানে অবৈধভাবে পুকুর ভরাট করায় ধরখার ইউনিয়নের রানীখার এলাকায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। একইসাথে মাটি পরিবহনের ব্যবহৃত ড্রামট্রাক আটক করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ জানান, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করায় অভিযুক্তকে জরিমানা করা হয়েছে। জনগণের স্বার্থে কৃষিজমি ও পুকুর রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
জদি/উ