প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৯:২৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার মাদরাসা মোড়ে মোটরসাইকেল ধাক্কাকে কেন্দ্র করে সংঘর্ষে দিলু মিয়া (৩৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দিলু মিয়া চানপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে রোজগারের উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি। কিন্তু এক মুহূর্তের উত্তেজনা তার প্রাণ কেড়ে নেয়।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, কচুয়ামোড়া (পূর্বপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল মিয়া (৪৫)। (পেশায় মুদি ব্যবসায়ী) তার মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সামান্য ধাক্কা লাগায় ক্ষুব্ধ হয়ে ওঠেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি দোকান থেকে কাঠের রুল এনে দিলু মিয়ার বাম কাঁধে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা আহত দিলু মিয়াকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়দের অনেকে বলেন, এত তুচ্ছ ঘটনায় একজন মানুষের মৃত্যু অসহনীয় বেদনার।
বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মামুনুল হক বলেন, রোগীকে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। শরীরের পিঠ, কাঁধ ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর কারণ পোস্টমর্টেম রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে মোটরসাইকেলটি দাঁড়িয়ে ছিল। অটোরিকশা চালানোর সময় সেটিতে ধাক্কা লাগায় বিল্লাল উত্তেজিত হয়ে কাঠের রোল দিয়ে আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।