সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের সুরগ্রামের কচুড়ীপানাপূর্ণ কর্দমাক্ত জমি থেকে জগদীশ বিশ্বাস ওরফে ফকিরের ছেলে প্রদীপ বিশ্বাস ওরফে সাদ্দাম (৪০) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৌলতলী ইউনিয়নের সংশ্লিষ্ট ২ নং ওয়ার্ডের মেম্বার আনিচুর রহমান জানান গতকাল শনিবার সকালে সুরগ্রামের বিটুল বিশ্বাস নামে একজন নিজের জমি চাষের লক্ষ্যে পরিষ্কার করার সময় লাশ দেখতে পেয়ে শোরচিৎকার দিয়ে এলাকাবাসীকে ঘটনাস্থল আসতে বলে। এলাকার লোকজন পচাগলা মৃতদেহ কচুড়ীপানা পূর্ণ কর্দমাক্ত জমিতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো: আফজাল হোসেন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। পরে স্থানীয় কোমল বিশ্বাস লাশ সনাক্ত করে তার ছোট ভাই প্রদীপ বিশ্বাস ওরফে সাদ্দাম বলে নিশ্চিত করেন। লাশ উদ্ধার করে পুলিশ লাশ নিয়ে গেছে আইনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। পুলিশ লাশ নেয়ার সময় কোমল বিশ্বাস জবানবন্দীতে বলেন,তার ভাই প্রদীপ গত প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ ছিলো। তবে তারা থানায় সাধারন ডায়েরি করেননি।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর মোল্লা আফজাল হোসেন জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জ/উ