প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৩:৪৯ পিএম আপডেট: ২৫.১০.২০২৫ ৬:২৬ পিএম

মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কালকিনি পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ সরদার ওরফে লিখন (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত লিখন সরদার কালকিনি পৌরসভার দক্ষিণ গোপালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালপুর হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৮ অক্টোবর লিখন সরদারকে তার বাড়িতে খুঁজতে গেলে তিনি ও তার সহযোগীরা পুলিশের ওপর আকস্মিক হামলা চালান। এ ঘটনায় থানার পক্ষ থেকে লিখন সরদারকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
এছাড়া, ২০২১ সালের ২৮ জানুয়ারি কালকিনির মৃধাকান্দি এলাকায় ছাত্রলীগের এক মিছিল চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও লিখন সরদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে লিখন সরদারকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ওসি একে এম সোহেল রানা বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে লিখন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলাসহ থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
জ/উ