প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪:৫৭ পিএম

সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির ঘটনায় দায়ের করা মানবপাচার মামলায় মোছা. আলপনা খাতুন নামে এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমানিত না হওয়ায় আরো পাঁচ আসামিকে খালাস দেয়া হয়েছে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আল্পনা খাতুন সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের মৃত সোলায়মান হোসেনের মেয়ে আল্পনা খাতুন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালে ২৭ ফেব্রুয়ারী রাতে তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের মাজেম আলীর স্ত্রী সবিতা খাতুন সলঙ্গা থানার হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন। ওইদিন বিকেলে অজ্ঞাত বোরখা পরা এক নারী হাসপাতালে প্রবেশ করে নবজাতককে কোলে নিয়ে আদর করতে করতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও সলঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে একই থানার আলোকদিয়া গ্রামের মৃত সোলাইমানের বাড়িতে অভিযান চালিয়ে নবজাতককে জীবিত উদ্ধার করে।
একই স্থান থেকে মৃত অবস্থায় আরো একটি নবজাতক উদ্ধার করা হয়। মৃত শিশুটি একই সালের ২৩ ফেব্রুয়ারী সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে চুরি হয়েছিল। আটকের পর গ্রেফতারকৃত আল্পনা খাতুন শিশু চুরির বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০২১ সালের মার্চে মানবপাচার মামলা দায়ের করা হয়। এ মামলায় আদালত সাক্ষ্য প্রমান শেষে এ রায় ঘোষনা করেন।
জ/উ