প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫২ পিএম

মাদারীপুরের ডাসারে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত হাফিজুল (৮) ও হামজা (৫) দুজনই ওই এলাকার নাঈম মল্লিকের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল বিকেলে বাড়ির উঠানে খেলছিল দুই ভাই হাফিজুল ও হামজা। অসাবধানবশত পাশের পুকুরে পড়ে যায় দুইজন। এ সময় পানিতে তলিয়ে গেলে আর উঠতে পারেনি তারা। পরে রাত ৮টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় দুইজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। দুই সহোদরের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত দুই শিশুর আত্মীয়রা বলেন, ‘একসঙ্গে দুই ভাইয়ের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটি খুবই দুঃখজনক ঘটনা। পরিবার কিভাবে এই শোক সইবে? অসতর্ক থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে।
এ বিষয়ে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, ‘দুই শিশুর মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এমন মৃত্যুতে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’