প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৮:১৩ পিএম আপডেট: ২৯.০৮.২০২৫ ৮:১৫ পিএম

নাটোরের গুরুদাসপুরে অপ্রাপ্ত বয়স্ক কনের বাল্যবিবাহের চেষ্টার দায়ে বর ও কনে পক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন গুরুদাসপুর থানা পুলিশ ও আনসার বাহিনী।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অপ্রাপ্তবয়স্ক ১৩ বছর বয়সী এক কনের বিয়ে আয়োজনের প্রস্তুতি চলছিল।গোপনসুত্রে খবর পেয়ে প্রশাসন সেখানে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেয়।
এ ঘটনায় বর মো. আতিক আলী (২৫), পিতা মো. শহিদুল ইসলাম গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামের বাসিন্দাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৭ ধারা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে লিখিত মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে কনের বাবা মো. মকবুল হোসেন (৪৯), পিতা মৃত মসলেম, একই গ্রামের বাসিন্দাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৮ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মুচলেকা প্রদানের মাধ্যমে তাকেও মুক্তি দেওয়া হয়।
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, বাল্যবিবাহ রোধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আইনভঙ্গের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।