প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:৫৭ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর মাছ বাজারে নিষিদ্ধ ঘোষিত আফ্রিকান মাগুর বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ কেজি মাছ জব্দ ও এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, অফিস সহকারী ও অফিস সহায়ক, গুরুদাসপুর থানার এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ এবং ভূমি অফিসের স্টাফবৃন্দ।
প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজিরপুর পূর্বপাড়ার মাছ ব্যবসায়ী মো. শাহীন (৪৫), পিতা আবু বক্কার সিদ্দিক—কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় ও মুচলেকা নেওয়া হয়, যাতে তিনি আর কখনো অবৈধ মাছ বিক্রি না করেন। জব্দকৃত মাছ একটি এতিমখানায় দেওয়া হয়েছে।
ব্যবসায়ী শাহীন জানান, তিনি এ মাছ নিষিদ্ধ তা জানতেন না। ঐতিহ্যবাহী চাচঁকৈড় বাজারে আব্দুল আলিম ফকিরের আড়ৎ থেকে ১৫০ টাকা কেজি দরে পাইকারি কিনে খুচরা বিক্রির জন্য নাজিরপুর বাজারে আনছিলেন, তবে একটি মাছও বিক্রি হয়নি।