প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৯:৫৭ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় সাব-রেজিস্ট্রার না থাকায় বিপাকে পড়েছে জমি ক্রয়-বিক্রয়কারীরা। এতে করে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, তেমন বিপাকে পড়েছেন কাপাসিয়া বাসী।
আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, জমি রেজিস্ট্রি করতে বসে আছে অনেকে। এসময় কথা হয় আনোয়ার মাঝির (৬০) সাথে। তিনি বলেন, আমি জটিল রোগে আক্রান্ত, অপারেশন করাতে হবে। তাই জমিটি বিক্রি করতে হাত বায়না নিয়েছি আজ জমি রেজিস্ট্রি হওয়ার কথা কিন্তু রেজিস্ট্রার সাহেব নেই।
অফিস সূত্রে জানা যায় ,গত ২৩ জুলাই মঙ্গলবার সাব-রেজিস্ট্রার ওসমান গনি মন্ডল সর্বশেষ অফিস করেন। এরপর অদ্যবধি (৩০ জূলাই) পর্যন্ত সাব-রেজিস্ট্রার পদে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এমতাবস্থায় সাব-রেজিস্ট্রার না থাকায় জমির দলিল রেজিস্ট্রি, নতুন দলিল উত্তোলন ও দলিলের নকল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। অফিসের কর্মচারীরা এখন অলস সময় পার করছেন। পাশাপাশি এই কার্যালয়কে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক-কর্মচারীরা বিপাকে পড়েছেন। অনেকেই চিকিৎসা, মেয়ের বিয়েসহ নানা খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন।
গাজীপুর পৌরসভার তেলিপাড়া এলাকার মোসাম্মৎ রবিজা খাতুন বলেন, ‘গত সাত দিন ধরে জমি রেজিস্ট্রির জন্য এখানে বারবার আসছি। আমার মতো অনেকেই তাদের গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এখানে এসেছেন। কিন্তু কাজ করা হচ্ছে না।’
দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান বাদল বলেন, গত ২৩ জুলাই সাব-রেজিস্ট্রারের সর্বশেষ অফিস করেন। এখন পর্যন্ত এ পদে কাউকে পদায়ন করা হয়নি। প্রতিদিন এখানে সাপকাওলা, দানপত্র ,হেবা মূলে চল্লিশ থেকে পঞ্চাশের অধিক দলিল রেজিস্ট্রি হয়। আজ ৮ দিনে অন্তত তিনশ' থেকে চারশ' দলিলের রাজস্ব বঞ্চিত হলেন সরকার। সাব রেজিস্টার না থাকায় আজ আমরা সবাই ক্ষতিগ্রস্ত।
দলিল লেখক সমিতির সভাপতি মেজবাউদ্দিন বলেন, আজ ৮ দিন যাবত রেজিস্টার নাই কবে নাগাদ নতুন সাব-রেজিস্ট্রার আসবে তা অনিশ্চিত এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ভালো বলতে পারবে।
এ ব্যাপারে জেলা রেজিস্ট্রার মিজানুর রহমান বলেন, কাপাসিয়া সাব রেজিস্টার ওসমান গনি মন্ডলের গত ২৩ জুলাই চাকরির মেয়াদ শেষ হয়। পরে তিনি মুক্তিযুদ্ধা কোঠায় আরও এক বৎসর চাকরির মেয়াদ বাড়ানোর দাবিতে মহামান্য হাইকোর্টে রিট করেন। মহামান্য হাইকোর্ট তার আবেদন মঞ্জুর করলেও সরকারি চেম্বার জজ আদালত এ আদেশের বিরুদ্ধে আপিল করেন। তাই জটিলতা দেখা দিয়েছে।