প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৬:১৪ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে মামুন সম্রাট নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মামুন সম্রাট পার্শ্ববর্তী তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে।
নিহত মামুনের নামে তিতাস-দাউদকান্দিসহ কয়েকটি থানায় মোট ২৩টি মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন। নিহত মামুন সম্রাট গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করতো।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ জুলাই) মামুন সম্রাটসহ আরও ৩ নারী কক্সবাজার যেতে ঢাকা থেকে বাসে ওঠেন। রাত সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড (মোড়ে) বাসটি থামার পর পানি কিনতে গাড়ি থেকে নিচে নামার পর পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত মাদককারবারি ও ২৩ মামলার আসামি মামুন সম্রাটকে মাথায় ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মামুন সম্রাটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী।
স্থানীয়রা জানান, মামুন সম্রাট গৌরীপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি, ফিটিংবাজী নিয়ন্ত্রণসহ কিশোর গ্যাং পরিচালনা করতেন। এবং ভাড়াটে খুনি হিসেবে আন্ডারগ্রাউন্ডে কাজ করতেন। এসকল ঘটনার জেরে ধরেও এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, মামুন সম্রাটকে কী কারণে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তার মাথায় ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আশা করি খুব দ্রুত এ হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারব আমরা।
ওসি আরো জানান, নিহত মাদককারবারি মামুন সম্রাটের বিরুদ্ধে পূর্বে হত্যা, ডাকাতি, মাদক ও অপহরণসহ মোট ২৩টি মামলা রয়েছে। এছাড়া সে গৌরীপুর বাজারে প্রকাশ্যে ইয়াবা, ফেনসিডিল ও মদ বিক্রি করত এবং একটি কিশোর গ্যাং পরিচালনা করতেন বলে জানান তিনি।