প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৩:৪৭ পিএম

গারো পাহাড় সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার ভোরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্তের ১১১৮ পিলারের কাছ থেকে পুশইন অবস্থায় এদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পরে আটকৃতদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ বিজিবি -৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো- সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আল আমিন (২৯), মৃত গাফফার আলীর ছেলে বাবু আলী (২৩), মৃত আমজাদ আলীর স্ত্রী সখিনা বেগম (৫০), মৃত গাফফার আলীর স্ত্রী সোনা বানু (৪৫), আলম আমীনের ছেলে কাজল (২৪), জামালের স্ত্রী ফাতেমা (২১), আল আমীনের সাত বছর বয়সী ছেলে আদিল, সাত মাস বয়সী অপর ছেলে ইয়ামিন, জামালের তিন বছর বয়সী কন্যা লামিয়া ও অপর কন্যাশিশু রাবিয়া।
সূত্র জানায়, আটকৃতরা দুই বছর আগে অবৈধ পথে ভারতের দিল্লীর ফরিদাবাদে ক্যান্সার আক্রান্ত আমজাদ আলীকে চিকিৎসা করতে নিয়ে যায়। পরে আমজাদ মারা গেলে বাকীরা সেখানেই রয়ে যান এবং শ্রমিকের কাজ করেন। সম্প্রতি স্থানীয় লোকজন ভারতীয় পুলিশের হাতে তাদের ধরিয়ে দেয়। পরে ভারতীয় পুলিশ বিএসএফ এর হাতে হস্তান্তর করলে শুক্রবার ভোরে নালিতাবাড়ীর পানিহাতা সীমান্তপথে তাদের পুশইন করে। সেখান থেকে রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা এদের আটক করে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আটকৃতদের পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে, পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।