প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৭:৫৯ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলার ৪ ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বোদা কলেজ, পৌর ও উপজেলা শাখা ছাত্রদলের ব্যানারে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে বহিস্কৃত উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহাম মামুনুর রশীদ জীবন, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুল ইমনের অবৈধ বহিষ্কার বাতিল সহ মোট চারজন ছাত্রনেতার পদ পুনর্বহালের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
পরে, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল রম্য, পাথরাজ সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সাইদ প্রামাণিক, সদস্য সচিব মাজেদুর সরকার মুন্না প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত রবিবার (৬ জুলাই) বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজকে কিছু লোকজন মারধর করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেখা যায় মারধরে অংশ নেয়া ব্যক্তিরা সবাই বয়স্ক, সেখানে তরুণ কিংবা ছাত্রদলের কোন পর্যায়ের নেতাকর্মীকে দেখা যায়নি। কিন্তু বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুল ইমন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ৪ জন ছাত্রদল নেতাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক বহিষ্কার করা হয়েছে। প্রকৃতপক্ষে তারা এঘটনার সাথে কোনভাবেই জড়িত নয়। ফলে অবিলম্বে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করতে হবে।
বক্তারা আরো বলেন, কেন্দ্র থেকে একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করুক, যদি তদন্ত করে প্রমাণিত হয় বোদা উপজেলা ছাত্রদলের নেতারা দোষী, তাহলে তারা শাস্তির মুখোমুখি হবেন। আর যদি কোন দোষ না করে থাকেন তাহলে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজকে বহিষ্কার করতে হবে। কেন্দ্রীয় নেতা স্থানীয় পর্যায়ে কোন নেতা কর্মীকে না জানিয়ে পঞ্চগড়ে এসে হামলার শিকার হয়েছেন, আমরা এটার প্রতিবাদ জানাই। এবং রাজনৈতিক বা অন্য কোন উদ্দেশ্য হাসিলে কারা ঘটনাটি ঘটিয়েছে এটা তদন্ত করে বের করা দরকার। চার ছাত্রনেতাকে দ্রুত স্বপদে পুর্নবহাল করা না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারী দেন বক্তারা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বোদা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন।