প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৭:৩০ পিএম

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের এক দিন পর পাট ক্ষেত থেকে আব্দুল জলিল শিকদার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার মৌলভীকান্দি এলাকার একটি পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবার সূত্রে যানাযায়, উপজেলার এনায়েত নগর ইউনিয়নের মাঝেরকান্দি গ্রামের বাসিন্দা এলজিইডি এর সাবেক অফিস সহকারী আবদুল জলিল শিকদার গত শুক্রবার জুম্মার নামাজ পড়তে গিয়ে আর বাড়িতে আসেনি।
এর পর থেকে তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তার কোন সন্ধান পায়নি। শনিবার সকালে পার্শ্ববর্তী মৌলভীকান্দি গ্রামে তার বড় মেয়েজামাইয়ের বাড়ির নিকটবর্তী একটি পাট ক্ষেত হতে তার লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী লাশটি পরে থাকতে দেখে তার স্বজনদের খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি সনাক্ত করেন।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।