প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৫:২২ পিএম

নাটোরের বড়াইগ্রামে ৭ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় মসজিদের এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মুয়াজ্জিন শফিকুল ইসলাম উপজেলার ভবানীপুর গ্রামের কাচারীপাড়ার মৃত আব্দুল কাদের সরদারের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে ৭ বছর বয়সী শিশুকন্যাকে মসজিদের অদুরে একটি পরিত্যক্ত দোকানঘরের পিছনে নির্জন স্থানে নিয়ে যায় সে। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় একই এলাকার রনির স্ত্রী ঘটনাটি দেখতে পেয়ে আশেপাশের লোকজন ডেকে আনে। পরবর্তীতে স্থানীয় গ্রাম প্রধানরা পূর্ব নির্ধারিত শনিবার রাত ১০টার দিকে বিচারকার্য শুরু করলে তা সাংবাদিকরা জানতে পারে। পরে সাংবাদিকরা ফেসবুকে পোস্ট দেওয়াসহ তাৎক্ষণিক পুলিশ সুপারকে জানালে ওই বিচারকার্য বন্ধ করে তারা দ্রুত সরে পড়ে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন জানান, রাতেই শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে। পুলিশ সকালে আসামী শফিকুল ইসলামকে আটক করে দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করেছে।