প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৭:৫৬ পিএম

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে আবারও লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে তিস্তার তীরবর্তী এলাকায় স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি চাপ সামলাতে ব্যারাজ কর্তৃপক্ষ ৪৪টি জলকপাট খুলে দিয়েছে।
আজ শুক্রবার (২০ জুন) বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৯৫ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২.১৫ মিটার)। যা বিপদসীমার ২০ সেন্টিমিটার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এর আগে দুপুর ১২টায় পানি উচ্চতা রেকর্ড করা হয় ৫১ দশমিক ৭০সেন্টিমিটার। এছাড়াও রাতে যেকোন সময় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।
জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। এতে তিস্তার চরাঞ্চলের নিম্নঞ্চলের বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন ধানের বীজতলার চারাধান গুলো তলিয়ে গেছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদীভাঙন আতঙ্কে পড়েছেন।
এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের নিম্নঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, বিকেল ৩টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১.৯৫ সেন্টিমিটার। যা বিপদসীমার ২০ সেন্টিমিটার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি এখনও বিপৎসীমার নিচে আছে, তবুও আমরা সতর্ক আছি।