প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৪:৩৭ পিএম

নাটোরে ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ করার মামলায় লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো সময় আবারো জয় বাংলা স্লোগান দেন।
আদালত সূত্রে জানা যায়, লালপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ১৯ আসামি আজ দুপুরে দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। তাঁদের আইনজীবী আতিকুল্লাহ বিশ্বাস আদালতের কাছে আসামিরা নির্দোষ বলে দাবি করেন।
তিনি জানান, ঘটনার সময় তাঁরা সেখানে ছিলেন না। রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে তাঁদের আসামি করা হয়েছে। গত ২২ এপ্রিল হাইকোর্টে হাজির হয়ে তাঁরা আট সপ্তাহের অন্তর্বর্তী জামিন নিয়েছিলেন। তাঁরা জামিনের কোনো অমর্যাদা করেননি।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রুহুল আমিন তালুকদার ও অতিরিক্ত কৌঁসুলি আব্দুল খালেক আসামিদের জামিন আবেদনের বিরোধিতা করেন।
তাঁরা বলেন, আসামিদের মধ্যে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আফতাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী ও লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রয়েছেন। তাঁরা ধর্মীয় একটি সমাবেশে নিষিদ্ধ স্লোগান ও গুলিবর্ষণ করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। শুনানি শেষে বিচারক প্রধান আসামিসহ ১৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আসামি সাফি ইসলাম ও শিশির আলীর জামিন মঞ্জুর করেন।