প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৮:৩৪ পিএম

ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে কাপাসিয়া এলাকায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ থেকে সিএনজি যোগে গাজীপুর যাওয়ার পথে কাপাসিয়ার (পল্লী বিদ্যুৎ) জামিরার চর এলাকায় সিএনজিকে একটি অজ্ঞাত বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ১. তৌফিদুল ইসলাম (১৪), পিতা- আবুল কালাম, সাং- কিষ্টুপুর, থানা: ইটনা, কিশোরগঞ্জ। ২. সায়ান (৪), পিতা- তানভীর, সাং- আনোয়ারপুর কাজলা, থানা: তাড়াইল, কিশোরগঞ্জ। ৩. রতনা আক্তার (৩২), স্বামী: তানভীর, পিতা: সেলিম মিয়া।
স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার পর মা শিশুসহ ২ জনকে মৃত ঘোষণা করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই মানুষগুলোর সাথে আর কোনো আত্মীয়-স্বজন নাই।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কৃষ্ণ কুমার দাস বলেন, দুইজনকে হাসপাতালে মৃত আনা হয়েছে। একজনকে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বিল্যান্সযোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে একজনের মৃত্যু হয়।
কাপাসিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক সোহাগ হোসেন জানান, ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহতের পরিবার অভিযোগ করলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।