প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৯:২৬ পিএম

লালমনিরহাটের দুই উপজেলার তিন সীমান্ত দিয়ে আবারও ১২ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। আজ শনিবার (১৪ জুন) ভোরের দিকে পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে এই পুশইন এর ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে বিএসএফ তিনজনকে পুশ ইন করলে তারা বাংলাদেশ ভূখন্ডের অভ্যন্তরে চলে আসে। সকালে গ্রামবাসী তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। অপরদিকে একই উপজেলার পূর্ব সারডুবি সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর বাধায় অপর তিনজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফের।
এদিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ভোরে অপর ছয় নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তবে পরবর্তিতে বিজিবি ও সীমান্তের লোকজন তাদেরকে আবারও সীমান্তের কাঁটাতারের বেড়ার এপাশে ভারতীয় অংশে ফেরত পাঠিয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৩ নম্বরের ১ নম্বর উপপিলারের বাংলাদেশের শ্রীরামপুর সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের চেঙ্গেরবাড়ী সীমান্ত দিয়ে আজ ভোর সাড়ে ৪ টার দিকে ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের সদস্যরা তিনজন ভারতীয় পুরুষ ও বাংলাদেশি একজন নারী ও দুইজন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠায়। বাংলাদেশের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরের ওই ইউনিয়নের আজিজপুর গ্রামের কমলার বাজারে দুপুরে স্থানীয় এলাকাবাসি দেখে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) শ্রীরামপুর ক্যাম্পের সদস্যরা আটক করে।
এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানিয়েছে বিজিবি।