প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৬:১৩ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধায় এক প্যারালাইজড রোগীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের ছাতুর ডিগী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সরজমিনে, এলাকাবাসী সুত্রে জানা গেছে, ভেলাগুড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে গত সাত জুন (ঈদুল আজাহার দিন) সকালে সাইয়াদুলের স্কুল পড়ুয়া মেয়ে সাইদুল ইসলাম ঘটকের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, এমন সময় একই এলাকার মনির হোসেনের ছেলে রাকিব হোসেন রাস্তায় দাড়িয়ে ওই মেয়ের সাথে অনৈতিক আচরণ করেন। পরে মেয়ের পিতা সাইয়াদুল, মা ও চাচা আনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাকিবকে মারধর করেন। এ নিয়ে সাইদুল ইসলাম ঘটকের মেয়ে ও জামাতা এসে সাইয়াদুলের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে হাতাহাতির ঘটনা ঘটায়। পরে ঈদুল আজাহার নামাজ শেষে সাইদুল ইসলাম ঘটক বাড়িতে এসে মারধরের ঘটনা সম্পর্কে জানতে পারেন। কিন্তু ঘটনার সাথে প্রকৃত অভিযুক্ত ব্যাক্তি রাকিবের নাম না দিয়ে পুর্ব শত্রুতার জের ধরে ষড়যন্ত্র মুলকভাবে প্যারালাইজড রোগীর সাইদুল ইসলাম ঘটক ও তার পরিবারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে, মেয়ের চাচা আনোয়ার হোসেন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত রাকিবে মা সাংবাদিকদের বলেন, ঈদের দিন মেয়ের বাবা এসে আমার ছেলের অভিযোগ করেন। কিন্তু সাইদুল ইসলাম ঘটক সম্পর্কে কোন অভিযোগ করেনি।
স্থানীয়রা জানান, সাইদুল ইসলাম ঘটক একজন প্যারালাইজড রোগী তিনি ধর্ষণ চেষ্টা করতে পারেননা। আর ওই সময় সাইদুল ইসলাম ঘটক ঈদুল আজহার নামাজ পরার জন্য ঈদের মাঠে ছিলেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।