প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৩:৪০ পিএম

ঝিনাইদহে মেহেদী হাসান (২৩) নামে অনলাইন জুয়ার বাংলাদেশি এজেন্টকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
শনিবার (১ জুন) সন্ধ্যায় সদর উপজেলার চর মুরারীদহ (আবাসন ব্রিজ সংলগ্ন) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই খালিদ হাসান বলেন, ফিলিপাইন থেকে পরিচালিত একটি অনলাইন বেটিং সাইটের এজেন্ট হিসাবে কাজ করতেন মেহেদী। সামাজিক যোগাযোগ মাধ্যম WhatsApp ও Telegram-এ প্রলোভনমূলক বিজ্ঞাপন ছড়িয়ে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় যুক্ত করতেন এবং তিনি কমিশন পেতেন।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এএসআই ইখলাছুর রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকায় সাব-এজেন্ট নিয়োগ করে অনলাইন জুয়ার চক্র বিস্তার করছিলেন। মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মাধ্যমে আর্থিক লেনদেন করে জুয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দিতেন। ফিলিপাইন থেকে কমিশনও পেতেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, সাইবার অপরাধ এখন বড় হুমকি। জেলা পুলিশ এসব অপরাধ রুখতে কঠোরভাবে কাজ করছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী একটি মামলা হয়েছে।