প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১:২৩ পিএম

জেলার কাশিয়ানীতে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রী লামিসা ও কোটালীপাড়ায় নিখোঁজের তিনদিন পর সেবাইত বুদ্ধিমন্ত সরকারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার বিকেলে কাশিয়ানী উপজেলার মধুমতি নদী থেকে লামিসার মৃতদেহ উদ্ধার করা হয়েছে । ওই দিন দুপুরে কোটালীপাড়ার রামশীল খাল থেকে বুদ্ধিমন্ত সরকারের লাশ উদ্ধার করে কোটালিপাড়া থানা পুলিশ।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান ও কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান জানান শনিবার দুপুরে কাশিয়ানী উপজেলার জঙ্গলমুকন্দপুর গ্রাম এলাকার মধুমতি নদীতে গোসল করতে নামে লিটু খানের মেয়ে স্কুলছাত্রী লামিসা। এ সময় সে নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। রোববার (১ মে) বিকেলে জঙ্গলমুকন্দপুর গ্রামের চরপাড়া জামে মসজিদের কাছে লামিসার মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পরিবারের লোকজন লামিসার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ জানান, গত ২৯ মে বাড়ি থেকে বের হন কোটালীপাড়া উপজেলার সদাচার সেবাশ্রমের সেবাইত বুদ্ধিমন্ত সরকার। এরপর তিনি আর বাড়িতে ফিরে না আসলে পরিবারের পক্ষ থেকে কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। রোববার দুপুরে এলাকাবাসী উপজেলার রামশীল খালে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে বুদ্ধিমন্তের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।