কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় আহত অন্তত ২০
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৩:৩৪ এএম

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের বাগড়াবাড়ি এলাকায় শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রায় এক ঘণ্টা ধরে ডাকাতি চালায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে ২০-২৫টি সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপ থামিয়ে চালক ও যাত্রীদের ওপর হামলা চালায়। নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। হামলায় ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, সুমিত আলী, মেরাজ মিয়া, সালেক মিয়া, তাহমিদসহ অন্তত ১৫-২০ জন আহত হন।

ভুক্তভোগী ওয়াজিদ মিয়া ও অপু দাস জানান, তাঁরা কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল ফেরার পথে ডাকাতদের কবলে পড়েন। অস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

কমলগঞ্জের ওষুধ কোম্পানির প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, তাঁর কাছ থেকেও মোবাইল ও টাকা লুট করেছে ডাকাতরা। আরও কয়েকজন মোটরসাইকেল আরোহীর কাছ থেকেও ডাকাতি হয়েছে বলে তিনি জানান।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে এর আগেই ডাকাতরা পালিয়ে যায়। সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft