প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১০:২৩ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা এ অভিযান চালান।
৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পলিয়ানপুর পূর্বপাড়া আভিযান পরিচালনা করা হয়।
এ সময় একই গ্রামের মৃত আনচান আলীর ছেলে হামিদুল (৩৮) গতিরোধ করে তল্লাশি চালানোর চেষ্টা করলে মোটরসাইকেল ও কোমরে বাঁধা কস্টেপ মোড়ানো একটি পোটলা ফেলে পালিয়ে যায়। অভিযানের সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তীতে ফেলা যাওয়া পোটলাটি খুলে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ১ কেজি ১৭৭.৭১ গ্রাম এবং বাজারমূল্য ১ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা। উদ্ধারকৃত মোটরসাইকেলসহ জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক বিজ্ঞপ্তিতে বলেন, পলাতক আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।