গোপালগঞ্জ প্রতিনিধি :
জুয়ার আসর থেকে পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ হওয়ার একদিন পর একটি পুকুর পাড় থেকে হাফিজুর রহমান লিটন (৪৮) নামে সাবেক এক বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, মঙ্গলবার দুপুরের খাওয়া শেষ করে বাড়ি থেকে বের হয় হাফিজুর। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ খবর নেয়া হলেও তাকে পাওয়া যায় নাই।
বুধবার ভোরে হাফিজুরের লাশ পড়ে থাকতে দেখে পরিবার ও বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু ছালেহ্ মো: আনসার উদ্দিন সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর গ্রামের একটি খাল পাড়ে জুয়া খেলা চলছিল।
এমন খবরে সাড়ে ৬ টার দিকে বৌলতলী পুলিশ ফাড়ির এএসআই শামীমের নেতৃত্বে একটি টিম সেখানে গিয়ে ধাওয়া করে। সেখানে থাকা হাফিজুর রহমানসহ ১০-১৫ জন ছোটাছুটি করে পালিয়ে যায়।
হাফিজুর বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। বুধবার সকালে একটি পুকুর পাড়ে হাফিজুরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।