প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১২:৩০ পিএম

অভ্যন্তরীণ নানা জটিলতা ও বৈশ্বিক অস্থিরতার কারণে বিশ্ব পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও বিজিএমইএর নেতারা।
গতকাল শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) পরিচালনা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক প্যানেল পরিচিতি সভায় তারা এ শঙ্কার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, আর্থিক সংকট, নিরাপত্তাসংক্রান্ত সমস্যা এবং অন্যান্য চ্যালেঞ্জে উৎপাদন খাত বর্তমানে কঠিন সময় পার করছে। যথাযথ পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, রপ্তানিতে মূল্য সংযোজনের বাধ্যবাধকতা বজায় রাখা এবং ‘ফ্রি-অব-কস্ট’ (এফওসি) আমদানির ওপর বিদ্যমান বিধিনিষেধ শিথিল না করাই উচিত। তার মতে, এসব বিধিনিষেধ শিথিল হলে স্থানীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহ নিরুৎসাহিত হয়ে আমদানিনির্ভরতা বাড়তে পারে।
সভায় অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, উৎপাদন ব্যয় বৃদ্ধি, আর্থিক চাপ, নীতিগত অনিশ্চয়তা এবং প্রশাসনিক জটিলতার কারণে দেশের তৈরি পোশাকশিল্প বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে। এসব চ্যালেঞ্জ শিল্পটির আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলছে বলে তারা মত প্রকাশ করেন।
জ/উ