এসি মিলানে চুক্তির মেয়াদ বাড়িয়েছে মদ্রিচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:১৮ পিএম

এসি মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মদ্রিচ। মদ্রিচের বয়স ৪০ পার হয়ে গেছে। এই বয়সে অনেকেই বুটজোড়া তুলে রেখে দিব্যি কোচিং করে যাচ্ছেন। অথচ, মদ্রিচ এখনই থামছেন না। ইতালিয়ান সিরি ‘আ’ ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন ৪০ বছর বয়সী এই তারকা।

চুক্তি নবায়নের ঘোষণা দিয়ে এসি মিলান এক বিবৃতিতে বলেছে, ‘লুকা মদ্রিচ আরও এক মৌসুমের জন্য, অর্থাৎ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করেছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘দলে যোগ দেওয়ার পর থেকেই তিনি মাঠে ও মাঠের বাইরে নিজের অভিজ্ঞতা, গুণগত মান, বিনয় এবং অসাধারণ পেশাদারিত্ব দিয়ে দলকে সমৃদ্ধ করেছেন। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ও আইকনিক এই ফুটবলার নতুন লক্ষ্য অর্জনের প্রত্যয়ে রোসোনেরির জার্সিতে তার যাত্রা চালিয়ে যাবেন।’

আগামী মৌসুমেও ১৪ নম্বর জার্সিতেই খেলবেন মদ্রিচ। ২০১২ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন মদ্রিচ। শুরুটা কঠিন হলেও সময়ের সঙ্গে নিজেকে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেন। প্রায় ৬০০ ম্যাচ খেলে রিয়ালের হয়ে জিতেছেন প্রায় ৩০টি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে রেকর্ড ছয়টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং চারটি লা লিগা শিরোপা।

২০১৮ সালে ব্যালন ডি’অর জিতে দীর্ঘদিনের লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর আধিপত্য ভেঙেছিলেন মদ্রিচ। বল নিয়ন্ত্রণ, নিখুঁত পাস, দূরদৃষ্টি এবং খেলার গতি নিয়ন্ত্রণের অসাধারণ দক্ষতায় তিনি আধুনিক ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

২০২৫ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের সম্পর্কের ইতি টেনে এসি মিলানে যোগ দেন তিনি। নতুন মৌসুমে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিমের অধীনে খেলবেন মদ্রিচ। জুন মাসে বরখাস্ত হওয়া মাসিমিলিয়ানো আলেগ্রির স্থলাভিষিক্ত হন আমোরিম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft