প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:৫০ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে তেলের দাম বৃদ্ধির মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। তেলের মূল্যবৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতির চাপ বাড়তে পারে এবং মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে-এমন আশঙ্কায় সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে ৪ হাজার ৯১ দশমিক ২৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৯৩ দশমিক ৮০ ডলারে নেমে আসে।
বার্তা সংস্থা রয়টার্সকে ট্রাডু.কমের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট নিকোস জাবুরাস বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা, তেলের উচ্চমূল্য এবং সুদের হার দীর্ঘ সময় বেশি থাকার সম্ভাবনা স্বর্ণবাজারে চাপ তৈরি করছে। তার মতে, পরিস্থিতি অব্যাহত থাকলে স্বর্ণের দাম আরও কমে প্রতি আউন্স ৩ হাজার ৯০০ ডলারে নেমে আসার ঝুঁকি রয়েছে।
অন্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন হয়েছে। প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ৫৮ দশমিক ৮৫ ডলার, প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৬২৯ দশমিক ৬৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ২৭২ দশমিক ৩ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। সূত্র: রয়টার্স
জ/উ